প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ৭২)

X
রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাস, ট্রাক, অটোরিকশা, ভ্যানচালকদের কাছে চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে যান। এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, রাসুলুল্লাহর (স.) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে হবে। এ দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অসামান্য। কাজেই তাদের মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক শাহজাহান আলী, সংগঠনের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, সেক্রেটারি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল রাবী, পৌর জামায়াতের আমির আব্দুল করিমসহ আরও অনেকে।