প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম (ভিজিট : ২৬৬)

X
নীলফামারীর কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রমে আবেগঘন পরিবেশে ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। বুধবার বিকেলে বড়ভিটা জুরাবান্দা এলাকায় নীল সাগর ক্যানেল সংলগ্ন এই বৃদ্ধাশ্রমে তিনি উপস্থিত হন।
ইউএনও সোহানিয়া ৩৯ জন আশ্রিতের মধ্যে ইফতার সামগ্রী হিসেবে উন্নত মানের খাবার বিতরণ করেন। রমজানের পবিত্র মাসে নীড়হারা বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী বাসিন্দাদের সঙ্গে ইফতার করে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
এ সময় তিনি আশ্রিতদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যের অবস্থা ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে জানতে চান। তার আন্তরিক উপস্থিতিতে আশ্রিতদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার সামগ্রী নিজ হাতে বিতরণ করে ইউএনও বলেন, “সমাজের অবহেলিত ও নীড়হারা প্রবীণদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে নীড়হারা প্রবীণদের সঙ্গে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাতিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সেকেন্ড অফিসার এসআই কাজী রিপন প্রমুখ।
বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজু জানান, ইউএনও’র এমন মানবিক উদ্যোগ আশ্রিতদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয়রা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আশা প্রকাশ করেছেন। ইফতার শেষে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।