প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম (ভিজিট : ৩০৯)

X
লাউ চাষে স্বাবলম্বী গনি
জমি লিজ নিয়ে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষক গনি মিয়া। নিজের পর্যাপ্ত জমি না থাকায় আড়াই বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন লাউ চাষ। উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও প্রণোদনা সহায়তায় জমির চারপাশে গড়ে তোলেন লাউয়ের মাচা। বর্তমানে সেই মাচা জুড়ে সারি সারি ঝুলছে সবুজ লাউ। প্রতিদিন তিনি ৩০ থেকে ৪০টি লাউ বিক্রি করছেন।
শুধু লাউ নয়, একই জমিতে পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজিও চাষ করেছেন গনি মিয়া। ফলে এক মৌসুমেই একাধিক ফসল থেকে আয় করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছেন তিনি।
গনি মিয়া জানান, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে কীটনাশকমুক্ত পদ্ধতিতে লাউ চাষ করেছি। শুধু খৈলের পানি ব্যবহার করেছি। এতে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে, গাছও সুস্থ রয়েছে। পাশাপাশি হাত পরাগায়নের মাধ্যমে ফলন আরও ভালো হয়েছে।
তিনি আরও বলেন, কেউ পরামর্শ নিতে এলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সহযোগিতা করবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গনি মিয়া লিজ নেওয়া জমিতে সম্পূর্ণ নিরাপদ ও ফরমালিনমুক্ত লাউ চাষ করছেন। তারা নিয়মিত তার ক্ষেত থেকে সবজি কিনে খাচ্ছেন। তাদের মতে, দেশের সব কৃষক যদি এ ধরনের পদ্ধতিতে চাষাবাদ করতেন, তাহলে ভোক্তারা পেতেন স্বাস্থ্যকর ও পুষ্টিকর সবজি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় গনি মিয়াকে ৫০টি লাউ বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে নিরাপদ লাউ চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগকে উৎসাহ ও সহায়তা দিয়ে যাবে বলে জানান তিনি।