প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ২২৮)

X
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।
সংসদ সদস্য ড. মো. কেরামত আলী ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এ উদ্যোগকে মহতী উদ্যোগ উল্লেখ করে সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমিতির পাশে থাকার আশ্বাস দেন।
সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সহমর্মিতা, মানবতা ও ঐক্যের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।