ফলন ভালো হলেও হতাশ পেঁয়াজ চাষীরা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশায় ভুগছেন মানিকগঞ্জে পেঁয়াজ চাষীরা।এ বছর পেঁয়াজের দাম আশানুরূপ

2026-03-07T16:03:19+00:00
2026-03-07T16:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফলন ভালো হলেও হতাশ পেঁয়াজ চাষীরা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 
মানিকগঞ্জ মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশায় ভুগছেন মানিকগঞ্জে পেঁয়াজ চাষীরা।এ বছর পেঁয়াজের দাম আশানুরূপ না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকের। বর্তমানে বাজারে প্রতিমন ১ হাজার থেকে ১১০০ টাকা বিক্রি করতে হচ্ছে চাষীদের ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলায় মোট ৮ হাজার ৯৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫৩৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করা হয়েছে। জেলার মধ্যে হরিরামপুর,  ঘিওর ও শিবালয় উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়েছে।

শুক্রবার ও শনিবার হরিরামপুর উপজেলার ঝিটকা এবং শিবালয় উপজেলার টেপরা পেঁয়াজের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

পেঁয়াজ চাষীরা জানান, উৎপাদন খরচ, শ্রমিক মজুরি ও সার,কীটনাশকের দাম বিবেচনায় এই মূল্য খুবই কম। নগদ অর্থের প্রয়োজনের কারণে অনেক কৃষক মাঠ থেকে পেঁয়াজ তুলে সরাসরি বাজারে বিক্রি করছেন। এতে ব্যবসায়ীরা সেই সুযোগ কাজে লাগিয়ে কম দামে পেঁয়াজ কিনে নিচ্ছেন।

কৃষকদের দাবি, বাজারে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন এবং আগামী মৌসুমে পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হতেন।


ছয়ানি গালার পেঁয়াজ চাষি রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, “গত বছর আমি ৩ বিঘা জমিতে সাগা (মুড়ি কাটা) পেঁয়াজের চাষ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল এবং বাজারে ভালো দাম পাওয়ায় বেশ লাভ হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এ বছর ঋণ নিয়ে ৭ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু এখন বাজারে যে দাম দেখছি, তাতে মনে হচ্ছে ঋণের টাকা পরিশোধ করাই কঠিন হয়ে পড়বে। সরকার যদি অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি না করে, তাহলে আমাদের মতো চাষিদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।”


বাল্লা গ্রামের ইদ্রিস বলেন,“আমি প্রায় ২০ বছর ধরে নিয়মিত পেঁয়াজ চাষ করে আসছি। গত বছর পেঁয়াজ চাষ করে প্রায় চার লাখ টাকা লোকসান হয়েছে। ভেবেছিলাম, এ বছর ভালো ফলন ও ভালো দাম পেলে সেই লোকসান কিছুটা পুষিয়ে নিয়ে সামান্য লাভ করতে পারব। কিন্তু বর্তমানে বাজারে যে দর দেখছি, তাতে মনে হচ্ছে এ বছরও আমাকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা লোকসান গুনতে হবে। এভাবে যদি বারবার লোকসান হতে থাকে, তাহলে আমাদের মতো কৃষকদের জন্য কৃষিকাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়বে। তখন বাধ্য হয়ে হয়তো কৃষি কাজ ছেড়ে অন্য পেশায় চলে যেতে হবে।”


রাজর কর্তা গ্রামের বাসিন্দা আরমান হোসেন বলেন,"এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে হলে বীজ কেনা, চারা উৎপাদনের জন্য বীজতলা ভাড়া, জমি চাষ, সেচ, সার, গোবর, নিড়ানি, শ্রমিক ও উত্তোলন খরচ মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়। এর পাশাপাশি আমরা যারা অন্যের জমি লিজ নিয়ে আবাদ করি, আমাদের বিঘাপ্রতি বার্ষিক ১০ হাজার টাকা লিজমানি দিতে হয়। ফলে আমাদের খরচ বিঘাপ্রতি ৪০ হাজার টাকা ছাড়িয়ে যায়। এ ছাড়া অনেকেই আছেন চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন, দাম কম হওয়ায় এখন আমরা সর্বস্বান্ত হওয়ার পথে।"

ঝিটকা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ফবেদ বলেন, "গত এক সপ্তাহ বাজার আরো কম ছিলো। আজ ১ হাজার থেকে ১হাজার ১০০ করে আমরা পেঁয়াজ নিচ্ছি কৃষকের কাছে থেকে। হয়তো এই দামটাও কৃষকের জন্য কম। সরকার যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে তাহলে হয়তো দাম আরো একটু উঠতে পারে।"

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ বলেন, এখন পেঁয়াজের ভরা মৌসুম চলছে বাজারে আমদানি অনেক বেশি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের অনুরোধ করছি একটু সময় নিয়ে পেঁয়াজ বিক্রি করার জন্য। আমার এয়ার ফ্লো মেশিন দিচ্ছি প্রতিটি মেশিনে ২০০ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে। একটু সময় নিয়ে পেঁয়াজ বাজারজাত করলে কৃষক লাভবান হবেন।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy