প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম আপডেট: ১২.০৩.২০২৬ ১১:১৭ এএম (ভিজিট : ৭৭)

X
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দরিদ্র, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ২৯ হাজার ৪৪৯টি কার্ডধারী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্ধারিত এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্ডধারীরা নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করছেন।
সরকারের এই উদ্যোগে ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, উৎসবের সময় এ ধরনের খাদ্য সহায়তা দরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকিতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এবং ট্যাগ অফিসার মো. ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনিক রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভিজিএফের চাল বিতরণ নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।