প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম (ভিজিট : ১৩৩)

X
ভোলা সদর উপজেলার উত্তর দিগলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বুধবার (১১ মার্চ) রাত প্রায় ৯টায় এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটেছে। বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে হত্যা করে এবং তার নাক-কানে থাকা স্বর্ণালংকার ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে।
নিহত হালিমা বেগম ওই বাড়ির বাসিন্দা মফিজল শিকদারের স্ত্রী। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃদ্ধা তার ছেলের বাড়িতে কিছু সময় কাটিয়ে আবার নিজ বসতঘরে ফিরে গিয়েছিলেন। এ সময় তার স্বামী ও ছেলেরা মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়েছিলেন।
নামাজ শেষে ঘরে ফিরে স্বামী ও ছেলেরা দেখেন দরজা খোলা এবং বসতঘরে হালিমার রক্তাক্ত মরদেহ চৌকির উপর পড়ে আছে। ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পল্লী চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে হারুন বলেন, “আমরা নামাজ শেষে ঘরে ফিরে দেখি মায়ের নাকে-মুখে রক্ত, মরদেহ পড়ে আছে। তার নাক-কানে থাকা স্বর্ণ নেই, ঘরের ট্রাংক ভাঙা অবস্থায় রয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড, আমরা প্রশাসনের কাছে ন্যায় চাই।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার মামলা করলে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।