প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ৭৮)

X
কথিত মাদক সম্রাট দেলোয়ার হোসেন আটক
লক্ষ্মীপুরের রায়পুরে কথিত মাদক সম্রাট দেলোয়ার হোসেন প্রকাশ ‘মাইকেল’সহ তার এক সহযোগীকে পুনরায় গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মাইকেল এই পর্যন্ত পুলিশের হাতে ২০ থেকে ২৫ বার গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে প্রায় ৩০ টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে কিরণ হোসেন (৩৫) এবং বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের (আহম্মদ উল্যাহ হাওলাদার বাড়ি) আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন ওরফে ‘মাইকেল’ (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাইকেল একজন অত্যন্ত চতুর মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে এবং তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। এরপরও তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৭১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন।