প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ১২২)

X
সংগৃহীত ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজপড়ুয়া মেয়ে ও ভাগনির ছবি এবং ভিডিও ধারণ করেন ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে টানা দুই ঘণ্টা। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।