প্রায় দেড় যুগ পর এবার ঈদের আগে পোশাক কারখানায় কোন আন্দোলন ও বিক্ষোভ ছাড়াই শ্রমিকরা শতভাগ বেতন ও বোনাস পেয়েছেন। এতে শ্রমিকরা এবার সন্তোষ প্রকাশ করেছেন। ঈদের ছুটিতে এবার পোশাক শ্রমিকরা আনন্দ চিত্তে গ্রামের বাড়ি ফিরে গেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মোঃ আমজাদ হোসেন জানান, বিগত দেড় যুগেও ঈদের আগে আন্দোলন—বিক্ষোভ, অবরোধ ছাড়া শ্রমিকরা বকেয়া ও বোনাস পাননি। দীর্ঘ দিন পরে গাজীপুরে এবার শতভাগ পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাস নিয়ে আনন্দ চিত্তে গ্রামের বাড়ি ফিরে গেছেন।
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার স্টার লাইট পোশাক কারখানার শ্রমিক হাবিবুর রহমান জানান, এবার আমাদের কারখানা ছাড়াও আশেপাশের কারখানায় ঈদের আগেই বেতন ও বোনাস পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আমরা পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারবো।
শিল্পাঞ্চল পুলিশের সুপার আরো জানান, গাজীপুরে বিজিএমইএ—৭৭০ টি কারখানা, বিকিএমইএ— ১৪৭ টি কারখানা, বিটিএমইএ— ১৩৬ টি কারখানা ও সাব কন্ট্রাক্ট/অন্যান্য— ১৭৮১ টি কারখানাসহ সর্বমোট— ২৮৩৪ টি কারখানা রয়েছে। গাজীপুরে এবার শতভাগ কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে। বর্তমান সরকার প্রয়োজ্য ক্ষেত্রে প্রণোদনা প্রদান, স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন, কারখানা মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় ফলে এবার শতভাগ পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও বোনাস পেয়েছেন।
ঈদের ছুটিতেও ৮১টি কারখানা খোলা:
ঈদের ছুটিতেও ৮১টি স্পিনিং মিলসসহ বিভিন্ন কারখানা আংশিক খোলা থাকবে। ওই কর্মকর্তা বলেন, এসব কারখানায় কাঁচামাল লোড করার পর মেশিন বন্ধ রাখা যায় না। তাই গাজীপুরে ঈদের দিন সকল সিরামিকস ফ্যাক্টরী যেমন—প্যারাগন, আরএকে,ডিবিএল, সানপাওয়ার, সোলার সিরামিক্স এবং নাসির গ্লাস আংশিক খোলা থাকবে।এছাড়াও নোমান গ্রুপের সাদ সান টেক্সটাইল মিল খোলা থাকবে, সাব— কন্টাক্ট কারখানা— শেরপুর নীটিং, গাজীপুর মহানগরের হাতিমারা, মুন ব্রাইট নীট লিমিটেড, কাশিমপুরের এনায়েতপুর এলাকায় লফ এন্ড নীটিং ডিজাইন ফেব্রিক্স লিমিটেড, কাশিমপুরের বাগবাড়ি এলাকায় আর এ নীট ফেব্রিক , স্থানীয় সুরাবাড়ি এলাকায় মন্ডল নীট ওয়্যার, সারদাগঞ্জ এলাকায় সরকার নীট, কাশিমপুর সুরা বাড়ি জাপান নীট ওয়্যার কারখানা, কাশিমপুরের শৈলডুবি এলাকায় সিরাজগঞ্জ ফ্যাশন , বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শাইন পুকুর কারখানা খোলা থাকবে।