প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:২৫ পিএম আপডেট: ২১.০৩.২০২৬ ১০:৩০ পিএম (ভিজিট : ২৫০)

X
জিয়ানগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, শনিবার সকাল থেকেই জিয়ানগর বাজারে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এসময় কিছু নিম্নবিত্তের মানুষ জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগ জানালে, তাৎক্ষণিক মোবাইলকোর্ট পরিচালিত করে মাংস ব্যবসায়ী শামীমসহ স্থানীয় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ একাধিক ক্রেতা অভিযোগ করেন, সাধারণ দিনে গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা মূল্যে বিক্রি করা হলেও আজ ঈদের দিন ৮৫০ টাকা করে কেজি দরে একই মাংস বিক্রি হচ্ছে। এতে অর্ধেকই চর্বি ও হাড্ডি দিচ্ছে।
ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, গরুর মাংসের অতিরিক্ত মূল্য রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পর মাংসের মূল্য কমিয়ে বিক্রি করা হচ্ছে। ঈদের দিনেও ইউএনও'র এ ধরনের মানবিক কার্যক্রমের কারণে বিভিন্ন মানুষের কাছে তিনি প্রশংসা কুড়িয়েছেন।