প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ২০৩)

X
সাঁথিয়ায় ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে চাঁদাবাজ এএসপির বিরুদ্ধে মানববন্ধন
দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
অভিযুক্ত আবুল হাসনাত সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভূয়া মুক্তিযোদ্ধার ছেলে। সে পুলিশ কর্মকর্তা এবং তার বাবা ফ্যাসিস্টের দোসর হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ট। গত ১৭ বছরে এলাকায় তাদের ভয়ে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই যা তারা করেনি এলাকাবাসীকে।
এলাকাবাসী আরো জানান, ভুয়া মুক্তিযোদ্ধা হাসনাতের বাবা অ্যাডভোকেট শামসুল হক নান্নু বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়ার কারণে ফ্যাসিস্ট সরকার খুশি হয়ে হাসনাতকে দ্রুত প্রমোশন দিয়ে এসপি বানিয়েছিলেন। আমাদের দাবি এএসপি হাসনাত, তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।
এবিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা চাকরি করে তাদের বিরুদ্ধেই তারা এমন অভিযোগ করছে।