প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৪:০৫ পিএম (ভিজিট : ৩৮)

X
প্রতীকী ছবি
রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু ও একই পরিবারের আরও ৪ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।
রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে গিয়েছিল। এতে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিড়ে টিনের ঘরে পড়ে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়।
শনিবার সকালে সাইফুলের স্ত্রী কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে স্বামী সাইফুল, কিশোরী কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রতœা বেগম এগিয়ে এলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে বলে জানান। ভোর পর্যন্ত এজেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।