প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম (ভিজিট : ১৫০)

X
গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা এবং ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা–এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মুদি দোকানি আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকান থেকে ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স আশা এন্টারপ্রাইজের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।