প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ৭১)

X
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদ পরবর্তী সময়ে পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে রামচন্দ্রদী-গোপালদী সড়কের দাইরাদী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াকুব নামে এক যুবক নিহত হন। তিনি রামচন্দ্রদী গ্রামের খালেক ভুঁইয়ার ছেলে। এ ঘটনায় পারভেজ ও সুমন নামে আরও দুইজন আহত হন। পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এর আগে ১৭ মার্চ আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত (প্রায় ৪৫) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
অন্যদিকে, শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ী যাত্রী ছাউনি থেকে এক মধ্যবয়স্ক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুটি মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।