প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৬:২৫ পিএম (ভিজিট : ৩২)

X
দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাব-এ সতীর্থদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা দিয়েছেন রাষ্ট্রপতি ও ক্লাবের জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন।
রবিবার সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি স্কুল জীবনের চার বন্ধু ও রণাঙ্গনের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আসেন। হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত সাংবাদিকদের নাম ধরে কুশল বিনিময় করেন এবং স্মৃতিচারণ করেন নিজের সাংবাদিকতা জীবনের।
আড্ডায় তিনি প্রেসক্লাবের দীর্ঘ ঐতিহ্য, প্রয়াত সদস্যদের অবদান এবং নিজের রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
রাষ্ট্রপতির সঙ্গে আসা ঘনিষ্ঠ চার বন্ধু মহান মুক্তিযুদ্ধের সময়ের নানা স্মৃতি রোমন্থন করেন। স্কুল জীবনের দিন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা সবই উঠে আসে প্রাণবন্ত এই আড্ডায়।
সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা।
এর আগে প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হয়।