প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম (ভিজিট : ৬৩)

X
পাইকগাছা ঢ্যাপসাখালী গ্রামের প্রধান সড়কের বেহাল দশা
‘আমার গ্রাম-আমার শহর’ রূপকল্পে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন দৃশ্যমান হলেও খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঢ্যামসাখালী গ্রামের প্রধান সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতায় হাঁটু সমান পানি জমে থাকে। আর শুষ্ক মৌসুমে ভাঙা ইট ও ধুলাবালিতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল–কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, বেহাল সড়কের কারণে কৃষিপণ্য পরিবহনে যানবাহন সহজে গ্রামে ঢুকতে চায় না। ফলে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগী পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, চারদিকে উন্নয়ন প্রকল্প চললেও তাদের গ্রামের এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। দ্রুত পাকাকরণ বা টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা মনে করেন, দ্রুত উদ্যোগ না নিলে এই জনপদের দুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হয়।