বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়ন প্রয়োজন। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি বিষয় বাস্তবায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
খোকন বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জনগণের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। স্বল্প সময়ের মধ্যে সরকারের অর্জনকে তিনি “ঈর্ষণীয়” বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমান-এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়েও এতে অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।