
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের চালক ও হেলপার রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী “বুশরা পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে গিয়ে ধাক্কা খেয়ে আটকে পড়ে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।