প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম (ভিজিট : ৬২)

X
আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ
আরও ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
শুক্রবার (৩এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করতে হবে। এ কাজটি সম্পন্ন করতে অন্তত দুইটি ছোট অয়েল ট্যাংকারের প্রয়োজন হবে এবং দুই ট্রিপে খালাস করা সম্ভব।
নজরুল ইসলাম আরও বলেন, রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। জাহাজটি রোববার বন্দর ত্যাগ করবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা এটি দশম জাহাজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকেও জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।