
পাবনা স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বোধনী অনুষ্ঠানে টিকাদান কর্মসূচী প্রদর্শন করছেন স্বাস্থ্য সচিব।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে একটি সুস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
রোববার (৫ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্গম চরাঞ্চলসহ প্রান্তিক জনগোষ্ঠীর সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় আনার জন্য একটি সমন্বিত স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে অঞ্চলভেদে কেউ সেবার বাইরে না থাকে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পাবনা জেলার চারটি উপজেলায় মোট ১ লাখ ৪৪ হাজার ৯৪১ জন শিশুকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা সদরের হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। চলতি সময়ে হাম আক্রান্ত হয়ে জেলায় দুইজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে জেলা সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।