প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম (ভিজিট : ১৯৩)

X
পরিত্যক্ত নরেন্দ্রপুর পোস্ট অফিস ভবন
নরসিংদীর মনোহরদী উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় কার্যত পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই সরকারি সেবাকেন্দ্রটি এখন জঙ্গলঘেরা ঝুঁকিপূর্ণ স্থানে রূপ নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পোস্ট অফিসের চারপাশে দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ না থাকায় পুরো এলাকা জঙ্গলে ঢেকে গেছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেখানে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বিচরণ বাড়ছে, যা স্থানীয়দের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
এক সময় এই পোস্ট অফিস ছিল এলাকার মানুষের যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা চিঠিপত্র আদান-প্রদানসহ বিভিন্ন সরকারি সেবা এখান থেকেই গ্রহণ করতেন। বিশেষ করে লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের প্রায় সাতটি গ্রামের মানুষ এই পোস্ট অফিসের ওপর নির্ভরশীল ছিলেন।
খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর ও চর আহম্মদপুর এবং লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর, শরীফপুর, ধরাবান্ধা, দীঘীরপাড় ড্রেইনের ঘাট ও রায়েরপাড়া গ্রামের মানুষ নিয়মিতভাবে এই সেবা গ্রহণ করতেন।
কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চাকরির আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে গিয়ে চাকরিপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকলেও তা সংস্কার বা পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়দের মতে, দেশে যখন উন্নয়ন ও ডিজিটাল সেবার প্রসার ঘটছে, তখন এমন একটি জনসেবামূলক প্রতিষ্ঠানের এই অবস্থা অত্যন্ত হতাশাজনক।
এ অবস্থায় এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দ্রুত সংস্কার, আধুনিকায়ন এবং জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় কার্যকর করা হোক, যাতে সাধারণ মানুষ আবারও সহজে প্রয়োজনীয় ডাক ও সরকারি সেবা গ্রহণ করতে পারে।