সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসে তালা ঝুলছে। আশপাশে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও ছিল না। একই সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঘুরে দেখা যায় অধিকাংশ কক্ষই ফাঁকা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগমের কক্ষে সকাল ৯টা ৮ মিনিটে পাখা চললেও চেয়ার ছিল খালি। ফুট ইন্সপেক্ট সকিনা আক্তার জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা বাইরে আছেন। অন্যদিকে যুব উন্নয়ন অফিসে অফিস সহায়ক আব্দুল কাইয়ুমকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে দেখা গেলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে পাওয়া যায়নি।
সকাল ৯টা ১০ মিনিটেও উপজেলা সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস অনুপস্থিত ছিলেন বলে জানান সহকারী পরিদর্শক রোজিনা আক্তার। একইভাবে পরিসংখ্যান অফিসে ৯টা ১৫ মিনিটেও পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথের কোনো উপস্থিতি দেখা যায়নি।
প্রাথমিক শিক্ষা অফিসে ৯টা ১৭ মিনিটে অফিস সহায়ক ফারহান শাহরিয়ারকে একা পাওয়া গেলেও সহকারী শিক্ষা অফিসারের কক্ষ ছিল ফাঁকা। উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন ভূঁঞার কক্ষেও সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত তালা ঝুলতে দেখা যায়।
উপজেলা তথ্য কেন্দ্র ও তথ্য আপা অফিসেও সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। পল্লী সঞ্চয় ব্যাংকে কিছু কর্মচারী থাকলেও শাখা ব্যবস্থাপক মাসরুকা আক্তারের কক্ষ ফাঁকা ছিল।
সকাল ৯টা ২৮ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমানের ছুটির বিষয়টি জানানো হয়। একই সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. মাসুদ রানা প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায়।
সকাল ৯টা ৩৭ মিনিটে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হোসেন ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শাহরিয়ার হক ভূইয়ার চেয়ার ফাঁকা। অফিস সহায়ক জানান, তারা জেলা সদরে মিটিংয়ে গেছেন।
সকাল ৯টা ৪২ মিনিটেও উপজেলা মৎস্য অফিসের সিনিয়র কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম অনুপস্থিত ছিলেন। অফিস সহায়ক জানান, একজন ছুটিতে এবং অন্যজন মাঠ পর্যায়ের কাজে আছেন।
সকাল ৯টা ৫২ মিনিটে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরেও উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত থাকলেও উপজেলা প্রকৌশলী অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষও ফাঁকা দেখা যায়।
অন্যদিকে সকাল ৯টা ২১ মিনিটে সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্টার অনুপস্থিত থাকলেও তিনি ডেপুটেশনে কসবায় আছেন বলে জানানো হয়।
তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি অফিসারসহ কিছু কর্মকর্তা যথাসময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নতুন নিয়মে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হলেও প্রথম দিনেই অধিকাংশ দপ্তরে সময়মতো কর্মকর্তাদের উপস্থিতি না পাওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া জানান, শনিবারই সব কর্মকর্তাকে নতুন সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে। তারপরও কেউ সময়মতো অফিসে না এলে বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও বলেন, “এত সকালে সাধারণত সেবা গ্রহীতারাও আসেন না।”