প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ৬৪)

X
ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে বসবাস করছেন।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগেও তিনি সাতৈর বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা বন্ধ করে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে তিনি বাড়িতে আসেন, কিন্তু এ নিয়ে ভাই ও স্বজনদের সঙ্গে বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
স্থানীয় নাছিম ফকির জানান, ঘটনাস্থল থেকে বিকাশ কর্মকারের পকেটে থাকা ভোটার আইডি কার্ড এবং তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল বলেন, “বিকাশ কর্মকার আমার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ শুনে আমি সরে যাই। কিন্তু হঠাৎ তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।