প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম (ভিজিট : ২৪৯)

X
নুরুল আলম মোহাম্মদ নিপু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃতী সন্তান ও বিচার বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা নুরুল আলম মোহাম্মদ নিপু জেলা ও দায়রা জজ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ (গ্রেড-১) পদে উন্নীত হয়েছেন। তার এ পদোন্নতিতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, নুরুল আলম মোহাম্মদ নিপু ১৯৭৮ সালের ১ জুলাই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা সদরের মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রয়াত সিনিয়র আইনজীবী এম. এ. ওহাবের তত্ত্বাবধানে ‘ফৌজদারি কার্যবিধি’ ও ‘দণ্ডবিধি’ গ্রন্থ সম্পাদনায় অংশ নেন। ২০০৬ সালে ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়ারিতে সহকারী জজ হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার বিচারক জীবনের সূচনা হয়।
পরবর্তী সময়ে তিনি সুনামগঞ্জে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্মরত ছিলেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি শেরপুরে ম্যাজিস্ট্রেসীতে দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০১২ সালে ঝালকাঠি জেলা জজশীপে যোগদান করেন।
পরে তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় উপ-পরিচালক, রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়ে ভোলা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি সিলেটে শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আইনবিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে বিচারাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন।
তার এ পদোন্নতিতে পরিবারের পক্ষ থেকে গভীর সন্তোষ প্রকাশ করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করা হয়েছে।