প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ৩১)

X
সিএমপির প্রশিক্ষণ কর্মশালা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়া আরও উন্নত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। ‘রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ, সংশোধন ও পরিশোধন প্রক্রিয়ার মানোন্নয়ন’ শীর্ষক এ কর্মশালাটি বৃহস্পতিবার নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহায়তায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা গেলে তা দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নির্ভুল তথ্যভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর ও বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। তিনি অংশগ্রহণকারীদের রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ, অ্যাকসিডেন্ট রিপোর্ট ফর্ম (এআরএফ) সঠিকভাবে পূরণ, তথ্য যাচাই, সংশোধন ও পরিশোধন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে এআরএফ ফরম কাগজে ও অনলাইনে পূরণের কৌশল, তথ্যের সঠিকতা যাচাই এবং সাধারণ ভুলগুলো চিহ্নিত করার বিষয়গুলো তুলে ধরা হয়। ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পূর্বে পূরণকৃত ফরম থেকে ভুল শনাক্ত করে তা সংশোধনের সুযোগ পান।
কর্মশালায় সিএমপির রোড সেফটি সেলের সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম সিদ্দিকসহ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক, সার্জেন্ট এবং নগরীর ১৬টি থানার অপারেটররা অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।