
X
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী রয়েছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদের বাকি একটিতে একজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করায় ওই পদটিও শূন্য রয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নজরুল হক অনু এবং কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশে টেলিভিশনের প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি আ. সহিদ তালুকদার এবং মাতৃছায়া প্রতিনিধি মো. সোলাইমান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন এবং এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলাম এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. জসিম রানা।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যায়যায়দিন প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ এবং দিনকাল প্রতিনিধি মো. মিজানুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান এবং সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।
নির্বাচনে মোট ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।