
X
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নজরুল হক অনু এবং সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি মো. সোলাইমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ।
নির্বাচনে পাঁচটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রেসক্লাবের নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে কেউ প্রার্থী ছিলেন না। দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদের একটি পদে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর নির্বাহী সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করায় ওই পদটি শূন্য রয়েছে।
সভাপতি পদে ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট এবং কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক পেয়েছেন ১১ ভোট।
সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু পেয়েছেন ১৬ ভোট এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি আ. সহিদ তালুকদার পেয়েছেন ৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন পেয়েছেন ৫ ভোট, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন পেয়েছেন ৪ ভোট, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার এবং আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ পেয়েছেন ১ ভোট করে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি মো. জসিম রানা ১৯ ভোট এবং দিনকাল প্রতিনিধি মো. মিজানুর রহমান ১৫ ভোট পান।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউসুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান এবং সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।