প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৫:১০ পিএম (ভিজিট : ১৮৯)

X
বরিশালের বাকেরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত বৃদ্ধ মো. আব্দুল মতিন তালুকদার (৫৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মতিন তালুকদার উপজেলার নলুয়া ইউনিয়নের উত্তর নলুয়া গ্রামের মৃত কালু তালুকদারের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উত্তর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে আল আমিন হাওলাদারের কাছে থাকা ৫০ হাজার টাকা পাওনা দাবি করেন মতিন তালুকদার। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আল আমিন, তার স্ত্রী লিজা বেগম ও ছেলে ফেরদৌস মিলে তাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মতিন তালুকদার তিনজনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা।
অভিযোগে আরও বলা হয়, হামলার পরপরই স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বুধবার বিকেলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আল আমিন হাওলাদার বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”