
X
কর্মী সংকট মোকাবেলায় নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ খাতে দক্ষ জনবল সংকট কাটাতে ভিডিও গেমে পারদর্শী ব্যক্তিদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে চাকরির আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) একটি নতুন বিজ্ঞাপন প্রচারণার মাধ্যমে জানিয়েছে, আগামী সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে আগ্রহী গেমাররা সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে আবেদন করতে পারবেন।
প্রচারণামূলক ভিডিওটির শুরুতে একটি গেমিং কনসোলের লোগো দেখা যায়, এরপর বিভিন্ন অনলাইন গেম খেলা তরুণদের পাশাপাশি কন্ট্রোল টাওয়ারে দায়িত্ব পালন করা কর্মীদের দৃশ্য দেখানো হয়। ভিডিওতে বার্তা দেওয়া হয় “আপনি এর জন্যই প্রশিক্ষণ নিচ্ছেন।”
এই প্রচারণায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামোও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, তিন বছরের অভিজ্ঞতার পর বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার পাউন্ড) পর্যন্ত হতে পারে।
মার্কিন পরিবহন সচিব শন পি. ডাফি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ কন্ট্রোলার তৈরির জন্য নিয়োগ কৌশলকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে।
তার মতে, তরুণ প্রজন্মের মধ্যে এমন একটি বড় গোষ্ঠী রয়েছে যাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা এবং জটিল পরিস্থিতি সামলানোর মতো দক্ষতা আছে যা এয়ার ট্রাফিক কন্ট্রোলার পেশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগটি ২০২১ সালে চালু হওয়া ‘লেভেল আপ’ নামে একটি পূর্ববর্তী প্রচারণার ধারাবাহিকতা, যেখানে ভিডিও গেমিং দক্ষতাকে পেশাগত কাজে রূপান্তরের চেষ্টা করা হয়েছিল।
সেই সময়ও গেমারদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে আবেদন করতে উৎসাহিত করা হয়েছিল।
বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, যেখানে বিমান ওঠানামা নিরাপদ রাখতে কন্ট্রোলাররা নিরবচ্ছিন্নভাবে কাজ করেন।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ খাতে দীর্ঘদিন ধরে জনবল সংকট বিদ্যমান। আগামী বছরগুলোতে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) তথ্যমতে, পূর্ণাঙ্গ জনবল হিসেবে ১৪,৬৬৩ জন কন্ট্রোলার প্রয়োজন হলেও বর্তমানে ঘাটতি রয়েছে প্রায় ৩,০০০ জনের।
FAA জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কন্ট্রোলার অবসরে যাবেন, যা সংকট আরও বাড়াবে।
বর্তমানে কর্মী সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, জনবল বাড়াতে নতুন ও উদ্ভাবনী পদ্ধতি গ্রহণকে তারা সমর্থন করে।
তবে তাদের মতে, যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় নিরাপত্তার কঠোর মানদণ্ড বজায় রাখতে হবে, কারণ এটি সরাসরি বিমান নিরাপত্তার সঙ্গে জড়িত একটি অত্যন্ত সংবেদনশীল পেশা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক বড় বিমান দুর্ঘটনার পর এই নিয়োগ উদ্যোগটি আরও গুরুত্ব পায়। এসব ঘটনায় বহু প্রাণহানি ঘটে এবং বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।