প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৫৫ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৩:০৩ পিএম (ভিজিট : ১৮১)

X
জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দেওয়ার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে রোববার (১২ এপ্রিল) বিকেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা জানান দিতে মাসুদ রানা প্রামানিক অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে গুরুদাসপুরের বিভিন্ন সড়কে শোডাউন করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জ্বালানি সাশ্রয়ের আহ্বানের মধ্যে এমন আয়োজন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।