প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম (ভিজিট : ২৭৫)

X
নেছারাবাদবর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
সকালে উপজেলা চত্বরে বর্ষবরণ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যা স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দিনের শুরুতে উপজেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, এছাড়াও উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, সাবেক পৌর মেয়র ও স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী মুখোশ বহন করেন। গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপকরণ ও লোকজ সাজসজ্জা শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয়।
শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা রঙিন পোশাকে সজ্জিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেয়। পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোও গান, নৃত্য ও বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসবের আবহকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে একত্রিত করে এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করে।
সার্বিকভাবে নেছারাবাদে এবারের বর্ষবরণ অনুষ্ঠান ছিল আনন্দমুখর ও সুশৃঙ্খল। স্থানীয় বাসিন্দারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান।