
X
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
আগামী ২০ এপ্রিল বগুড়া সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সফরকে কেন্দ্র করে মঙ্গলবার (১৫ এপ্রিল, ২০২৬) বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও ঘোষণা আসতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা, বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনে নতুন ধাপ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ।
প্রধানমন্ত্রীর সফরকালে জেলা জজ আদালতে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এতে জামিন প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে বিচারিক সেবায় গতি ও স্বচ্ছতা বাড়বে বলে জানান প্রেস সচিব।
তিনি আরও জানান, গাবতলীর বাগবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সামাজিক নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।
নিরাপত্তা প্রসঙ্গে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সফরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়া দীর্ঘ সময় ধরে প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। এই সফরের মাধ্যমে অবকাঠামো ও প্রশাসনিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, সফরের অংশ হিসেবে জেলা জজ আদালতের আধুনিকায়ন এবং বার সমিতির বহুতল ভবন উদ্বোধন করা হতে পারে। বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর জন্মস্থান বাগবাড়ী ও জিয়া বাড়ি পরিদর্শনও সফরসূচিতে রয়েছে বলে জানানো হয়।
সম্ভাব্য সফরসূচি
সংবাদ সম্মেলনে উপস্থাপিত সময়সূচি অনুযায়ী-
সকাল ১০:৩০: সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় আগমন
সকাল ১১:০০: জেলা জজ কোর্টে ই-বেইলবন্ড উদ্বোধন ও বার সমিতির ভবন উদ্বোধন
দুপুর ১২:০০: বগুড়া সিটি করপোরেশন ঘোষণা/উদ্বোধন
দুপুর ১:৩০: বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও জিয়া বাড়ি পরিদর্শন
বিকেল ৩:০০: আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে ঘিরে বগুড়ায় নিরাপত্তা, যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।