
X
বগুড়াবাসী পাচ্ছে ১৩তম উপজেলা
বগুড়ায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার পরিধি বাড়াতে নতুন একটি উপজেলার সম্ভাবনা জোরালো হচ্ছে। শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে কেন্দ্র করে প্রস্তাবিত “মোকামতলা উপজেলা” গঠনের উদ্যোগ এখন স্থানীয়দের প্রধান আলোচনার বিষয়। বাস্তবায়ন হলে এটি হবে বগুড়ার ১৩তম উপজেলা।
জানা গেছে, সম্প্রতি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের তরুণ শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মী অধ্যক্ষ আতিকুর রহমান মোকামতলা এলাকার পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে। প্রস্তাবে বলা হয় প্রস্তাবিত এ উপজেলার জনসংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাবে। ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকেও মোকামতলার গুরুত্ব ক্রমেই বাড়ছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পাদদেশে অবস্থিত মোকামতলা বন্দর বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিভিন্ন জেলার সঙ্গে পণ্য আদান-প্রদান হয়, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল রাখছে।
স্থানীয়দের মতে, মোকামতলাকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। বর্তমানে উপজেলা সদরে যেতে যে সময় ও ব্যয় হয়, তা অনেকাংশে কমে আসবে। বিশেষ করে ভূমি অফিস, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি ও শিক্ষা অফিস স্থানীয়ভাবে স্থাপিত হলে সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে।
বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মোকামতলা বন্দরের উন্নয়নও নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপজেলা পরিষদ গঠিত হলে এখানে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগের আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনার উন্নতি এবং ব্যবসায়িক পরিবেশ আরও সুসংগঠিত হবে। এতে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ থাকায় মোকামতলা উপজেলা গঠিত হলে আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ সহজ হবে, যা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে সংসদীয় আসন বিন্যাসেও পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে শিবগঞ্জ ও নতুন গঠিত মোকামতলা উপজেলা নিয়ে বগুড়া-২ আসন পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বগুড়ায় মোট ১২টি উপজেলা এবং ৭টি সংসদীয় আসন রয়েছে। এর আগে বগুড়া সদর উপজেলা ভেঙে চারদলীয় জোট সরকারের আমলে শাজাহানপুর উপজেলা গঠিত হয়।
বর্তমানে শাজাহানপুর ও গাবতলী উপজেলা নিয়ে বগুড়া-৭ আসন এবং বগুড়া সদর উপজেলা নিয়ে বগুড়া-৬ সদর আসন গঠিত।
বর্তমান কাঠামো অনুযায়ী বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলায় একটি করে উপজেলা নিয়ে পৃথক সংসদীয় আসন রয়েছে। তবে মোকামতলা উপজেলা গঠিত হলে অধিকাংশ সংসদীয় আসন দুইটি উপজেলা নিয়ে গঠিত হবে, শুধু বগুড়া সদর আসন একক উপজেলা হিসেবেই থাকবে।
স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তাদের মতে, মোকামতলা উপজেলা বাস্তবায়িত হলে শুধু প্রশাসনিক সুবিধাই নয়, বাণিজ্য, কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।