প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : ১০৪৭)

X
খেয়াঘাটের ইজারা নিয়ে সংঘর্ষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় খেয়াঘাটের ইজারা সিডিউল দাখিল করা নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির লোকদের ধাওয়া খেয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মী মসজিদে প্রবেশ করে এবং দেয়াল টপকে পালিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার ছিল সিডিউল দাখিলের দিন। এদিন সিডিউল দাখিল করতে আসেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহবায়ক যুবাইর আহমেদ সরদার এবং একাধীক বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী আওয়ামীলীগ ও বিএনপির কথিত নেতা রশিদ মেম্বার। সিডিউল দাখিল করার সময় এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়। এতে করে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পুলিশের উপস্থিতিতে বিএনপি ও এনসিপি গ্রুপের নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি শুরু হয়।
প্রথম দফায় বিএনপি নেতাকর্মীদের হাতে এনসিপির লোকজন মারধর খেয়ে পিছু হটে। এর কিছুক্ষণ পর এনসিপির লোকজন একত্রিত হয়ে ফের হৈহুল্লা করে এনসিপির নেতাকর্মীরা ধাওয়া করলে ভয়ে বিএনপির নেতাকর্মীরা মসজিদের ভিতর আশ্রয় নেয়। তখন পুলিশ উভয় গ্রুপকেই ধাওয়া করে সরিয়ে দেয়।
এ বিষয়ে এনসিপির জেলার আহবায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, সিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। এতে আমরা তাদের প্রতিহত করেছি।
নজরুল ইসলাম বলেন, আমরা সিডিউল দাখিল করতে কাউকে বাধা দেয়নি। তারা ইচ্ছে করেই মারামারি করেছে। আমি সবাইকে জামেলা করতে বাধা সৃষ্টি করি আমার দলের লোকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেই।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সিডিউল দাখিল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরে তাদের শান্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারা প্রদানের জন্য ৩১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা দরপত্র আহবান করা হয়েছে। এতে ৪জন সিডিউল দাখিল করেছে। মূল্যায়ন কমিটি ৩ কার্যদিবসের মধ্যে সর্বচ্চ দরদাতার নাম ঘোষণা করবেন। অফিসের বাহিরে কারা কি নিয়ে বিরোধে জড়িয়েছে তা বলতে পারিনা।