
X
নায়িকা রোজিনা
বাংলাদেশের চলচ্চিত্রে নন্দিত নায়িকা রোজিনা। চার দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন। ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
সম্প্রতি তিনি জানান, তার দ্বিতীয় পরিচালিত সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন সিনেমার নাম ‘এখনই সময়’। এ সিনেমার গল্প লিখেছেন প্রখ্যাত নির্মাতা ও গল্পকার ছটকু আহমেদ। রোজিনা বলেন, ‘এখনই সময়’ মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই প্রতিচ্ছবি। এখানে থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সমাজের নানা বাস্তব দিক। আসলে সিনেমা জীবনেরই প্রতিফলন, তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক উপাদান থাকবেই।’
তিনি আরও বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনিকার। তার কাজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে বলেই তাঁকে গল্প লেখার দায়িত্ব দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপাতত বাজেট পরিকল্পনাতেই বেশি মনোযোগ দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি চলতি বছরই ‘এখনই সময়’ সিনেমার শুটিং শুরু করতে পারব।’
নতুন এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান রোজিনা। তবে তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটিতে মূলত যৌতুকবিরোধী একটি শক্তিশালী বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও গল্পে স্থান পাবে। তার মতে, আগের সিনেমার তুলনায় এ সিনেমার গল্প আরও বেশি আকর্ষণীয় ও গভীর।
রোজিনা অভিনীত প্রথম সিনেমা ‘তীরভাঙা ঢেউ’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান রোজিনা। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন ওয়াসিমের বিপরীতে। ১৯৮০ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রোজিনা। এরপর ১৯৮৮ সালে মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
রেকর্ড গড়া ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব প্রথমে তার কাছেই এসেছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নিজেই ফিরিয়ে দেন। নানা চেষ্টা করেও তাকে রাজি করাতে পারেননি নির্মাতা। পরে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। এ প্রসঙ্গে রোজিনা বলেন, শুটিং শুরুর পর একদিন এফডিসিতে বকুলের সঙ্গে দেখা হলে তিনি আক্ষেপ করে বলেছিলেন- বুবু, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ যদি ফ্লপ হয়, তার জন্য দায়ী থাকবেন আপনি। তবে সেই আশঙ্কা সত্য হয়নি।
মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ইতিহাস সৃষ্টি করে। তবু এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। প্রত্যেক সৃষ্টিরই একটি গন্তব্য থাকে, যার ভাগ্যে যা নির্ধারিত, সেটিই হয় বলে জানান রোজিনা। রোজিনার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে- ‘রঙিন রূপবান’, ‘রাজনন্দিনী’, ‘রাজকন্যা’, ‘রাজসিংহাসন’, ‘রাজমহল’, ‘জিপসী সরদার’, ‘শাহী দরবার’, ‘আলী বাবা সিন্দাবাদ’, ‘সুলতানা ডাকু’, ‘নাগপূর্ণিমা’, ‘নাগমহল’, ‘চম্পা চামেলী’, ‘দ্বীপকন্যা’, ‘মৎস্যকুমারী’, ‘অরুণ বরুণ কিরণমালা ইত্যাদি।