প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম (ভিজিট : ৮৪)

X
৩ কর্মকর্তা আহত
পাবনায় ঋণের কিস্তি আদায় করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকালে সদর উপজেলার চর ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেসরকারি উন্নয়ন সংগঠন ওসাকার সহকারী ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম (৩০), উপ-ব্যবস্থাপক মোঃ বাকী বিল্লাহ (৩৫) এবং শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম (৩৬)। এ ঘটনায় পাবনা থানায় দায়ের হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পার্টনার অর্গানাইজেশন “ওসাকা’র চর ভবানীপুর শাখা থেকে জাকিয়া খাতুন নামে এক গ্রাহক মৌসুমী ঋণ গ্রহণ করেন। চলতি এপ্রিল মাসে ঋণ পরিশোধের নির্ধারিত সময় হলেও তিনি তা পরিশোধ না করে বিভিন্নভাবে কর্মকর্তাদের এড়িয়ে যেতে থাকেন।
অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে জাকিয়া খাতুন ঋণের টাকা পরিশোধের কথা বলে ওসাকার কর্মকর্তাদের তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার স্বামী রেজাউলসহ পরিবারের অন্য সদস্যরা ওই কর্মকর্তাদের ঘেরাও করে। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে রেজাউল, জাকিয়া খাতুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।