প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পিএম (ভিজিট : ৭২৮)

X
জ্বালানি তেল বিতরণে শিডিউল ঘোষণা
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল আরোহীদের নির্বিঘ্নে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) ফুয়েল পাস বা ফুয়েল কার্ডধারী মোটরসাইকেল চালকদের জন্য নির্দিষ্ট তিনটি ফিলিং স্টেশনে পর্যায়ক্রমে জ্বালানি তেল বিতরণ করা হবে। সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উথুরার সায়হান ফিলিং স্টেশন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানার পাশের এ.আর ফিলিং স্টেশন এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিগঞ্জের হক ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হবে।
প্রশাসন জানায়, প্রতিটি ফিলিং স্টেশনে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল বিতরণ করা হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এ বিষয়ে ইউএনও মোঃ ফিরোজ হোসেন বলেন, যারা এখনো ফুয়েল পাস বা ফুয়েল কার্ড সংগ্রহ করেননি, তাদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে বৈধ মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করে শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হেলমেট এবং মূল ফুয়েল কার্ড বা ফুয়েল পাস ছাড়া কোনো মোটরসাইকেল আরোহীকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে।