প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম (ভিজিট : ৬৭)

X
বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে ৭টি কুডারকুর পুড়ে ছাই
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে গভীর রাতে আগুনে ৭টি কুডারকুর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের কমলারানীর দিঘীর পাড় এলাকায় জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে কুডারকুর গুলোতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক চার ভাই জানান, আগুনে তাদের অন্তত ৭টি কুডারকুর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের সড়কটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। গভীর রাতে সেখানে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।