প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম (ভিজিট : ৬৭)

X
চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মমভাবে হত্যা মামলার পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
অনিক দাস (২০) আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের যীশু দাসের ছেলে।
শনিবার সন্ধ্যায় আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, নিহত সাজিদ চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন গত ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন সাজিদ।
তারা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস আনোয়ারা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সিএমপির চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।