প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ পিএম (ভিজিট : ৫৯)

X
পরমব্রত চট্টোপাধ্যায়
এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও তিনি নিজে প্রার্থী হচ্ছেন না, তবে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
রাজ্যে ভোটের লড়াই শুরু হওয়ার মধ্যেই দ্বিতীয় দফার নির্বাচনের আগে নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত এক বড় জনসভায় উপস্থিত হন পরমব্রত। চক দিগনগর হাই স্কুল মাঠে আয়োজিত সেই সভায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া।
জনপ্রিয় দুই তারকাকে দেখতে এদিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরমব্রত জানান, এই জনসভাই তার রাজনৈতিক সফরের আনুষ্ঠানিক সূচনা। তার মতে, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি আত্মপরিচয় ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম। বিশেষ করে নারী নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গকে ছোট করার চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি।
পরমব্রত জানান, ব্যস্ততা থাকা সত্ত্বেও রাজ্যের স্বার্থে তিনি প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক ভোটার তালিকা বিতর্ক নিয়েও কথা বলেন এই অভিনেতা। বৈধ ভোটারদের নাম বাদ পড়া বা হয়রানির অভিযোগ তুলে তিনি সাধারণ মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
নিজে প্রার্থী না হলেও নির্বাচনী প্রচারে পরমব্রতর সরব উপস্থিতি রাজ্যের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।