প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ২৫৮)

X
ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ ও জনবান্ধব করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উত্তর কুলাউড়া শিবির রোডে উপজেলা ভূমি অফিসের সম্মুখে সরকারি অনুমোদন প্রাপ্ত এই সেবা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন ফিতা কেটে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম।
উদ্বোধনকালে ইউএনও বলেন, “সাধারণ মানুষ যাতে দালালের খপ্পরে না পড়ে এবং সঠিক নিয়মে ভূমি সেবা পায়, সেজন্যই এই সহায়তা কেন্দ্রটি চালু করা হয়েছে। আবেদন বা টেকনিক্যাল সহায়তার জন্য সেবা গ্রহীতাদের যত্রতত্র ঘুরে হয়রানির শিকার হতে হবে না। এই সহায়তা কেন্দ্রটি মূলত একটি ‘ওয়ান স্টপ সার্ভিস’ পয়েন্ট হিসেবে কাজ করবে, যেখানে দক্ষ জনবল সাধারণ মানুষকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
সেবা গ্রহীতা ও স্থানীয় বাসিন্দা শরিফ আহমদ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম খান জানান, উপজেলা প্রশাসনের এই আধুনিক ও জনকল্যাণমুখী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এই কেন্দ্র চালুর ফলে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে।
কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম জানান, এই কেন্দ্রের মাধ্যমে নাগরিকগণ সরকার নির্ধারিত মূল্যে ই-নামজারি, খতিয়ান বা পর্চা তোলা, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যাবতীয় আবেদনের কাজ অত্যন্ত সহজে এবং যথাযথ নিয়মে সম্পাদন করতে পারবেন।