প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩২ এএম (ভিজিট : ৮০)

X
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়া থেকে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা ঊর্মি (২৮) বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার আমতলী পৌর শহরে। তাঁর বাবার নাম শাহজাহান মিয়া। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আজ শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে ঊর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় যোগ দেন মেহেরুন্নেছা। তিনি স্বামীর সঙ্গে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্থানীয় লোকজন একাধিকবার তাদের বিরোধ মীমাংসাও করে দিয়েছেন।
এ বিষয়ে ওসি মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কনস্টেবল মেহেরুন্নেছা ঊর্মির স্বামী থানায় জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোরে ওই নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কনস্টেবলের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।