গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে ধারণ করে সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক দিন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনের সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় মহান মে দিবস। দিনটি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।