প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ৩৩৪)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের উত্তর হাড়িনাল এলাকায় প্রায় দশ হাজার লোকের বসবাস। রাস্তাটি পিলখানা মোড় হতে হাড়িনাল বাজার অভিমুখী হানকাটা মেইন রাস্তার সাথে যুক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে পড়ে আছে।
মসজিদ, মাদ্রাসা ও স্কুলসহ নানাবিধ প্রতিষ্ঠান রয়েছে এলাকাটিতে। অতি ঘনবসতিপূর্ণ এই এলাকাটির একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ প্রায় ১৫ বছরেও তৈরি হয়নি। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, হাড়িনাল বাজারের যানজট নিরসনের একমাত্র বিকল্প রাস্তাও এটি। রাস্তাটি তৈরি হলে পুরোপুরি মুক্ত হবে হাড়িনাল বাজারের যানজট।
এ বিষয়ে হাড়িনাল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৫ বছরেও আমাদের রাস্তাটির কাজ অদৃশ্য কারণে শেষ হচ্ছে না। আশা করি বর্তমান গাসিক প্রশাসক রাস্তাটির দিকে নজর দেবেন এবং দ্রুত টেন্ডার দিয়ে কাজ সম্পন্ন করবেন।”
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭/১১/২০২২ ইং সালে মো. আবুল কাশেম নামের এক বাসিন্দা এলাকাবাসীর পক্ষে রাস্তাটির বিষয়ে গাসিক বরাবর আবেদন করেছিলেন, যার পত্র নং-৭৯২১৫। স্থানীয় এলাকাবাসীর দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক যেন আমাদের রাস্তাটি অতি দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করে দেন।