প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৫২ পিএম (ভিজিট : ৭০১)

X
ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আবুল কালাম (রুবেল) বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক। গত পাঁচ মাস ধরে তিনি বিদ্যালয়ে না এলেও তার নামে বেতন উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর মাসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে পাঁচ দিনের ছুটি নেন আবুল কালাম। এরপর তিনি আর কর্মস্থলে ফেরেননি। স্থানীয়দের দাবি, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে সরেজমিনে দেখা গেছে, যার চিকিৎসার কথা বলে তিনি ছুটি নিয়েছিলেন, সেই স্ত্রী ও সন্তান নিজ বাড়িতেই অবস্থান করছেন।
শিক্ষক অনুপস্থিত থাকলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তার সরকারি বেতন ও ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন হাজিরা খাতায় তাকে 'উপস্থিত' দেখিয়ে এই অনিয়মে সহযোগিতা করছেন। এ বিষয়ে স্থানীয় শিক্ষা অফিস বা পরিচালনা কমিটিকেও কিছু জানানো হয়নি।
হিসাব বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। ক্ষুব্ধ অভিভাবকরা জানান, বাধ্য হয়ে সন্তানদের অতিরিক্ত টাকা খরচ করে প্রাইভেট পড়াতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন জানান, ২৮ তারিখ ওই শিক্ষকের ফেরার কথা রয়েছে। তবে বেতন উত্তোলনের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা বলেন, "পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত থেকে বেতন তোলার কোনো নিয়ম নেই। বিষয়টি আমার জানা ছিল না। প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপম দাস জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।