প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:১৯ পিএম (ভিজিট : ৬৫)

X
চুয়াডাঙ্গায় লোটাস আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে ‘লোটাস আইসক্রিম ফ্যাক্টরি’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ মে) সকালে উপজেলার হাউসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কাপড়ের রং ও ক্ষতিকারক উপকরণ ব্যবহার করে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করছিল। এর আগে একবার অভিযানের চেষ্টা করা হলেও মালিকপক্ষ কারখানা বন্ধ করে পালিয়ে যায়। আজ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে সব বৈধ কাগজপত্র সংগ্রহ ও পরিবেশ উন্নত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম প্রশাসনিক সহায়তা প্রদান করে।