প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ৩৩৫)

X
৬ মাদক কারবারি আটক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ৪ মে বিকেল ৫টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছাঃ মিনুকা (৩৪), মহাস্থান প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), মহাস্থান পশ্চিমপাড়া এলাকার জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)।
এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আটকের পর তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলে মহাস্থান এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে।
পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত মহাস্থান গড়ে তুলতে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন।