
পাহাড়ে মানবতার সেবায় কাজ করছে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মানবিক সহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (৬মে) সকালে উপজেলার তাইন্দংয়ের দূর্গম সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীর মাঝে বস্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
এছাড়াও হেডম্যান পাড়া এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ পাহাড়ি বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন এফসিপিএস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

ক্যাম্পেইন চলাকালীন সময় পরিদর্শন করে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
এসময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলাম সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার।” আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।