প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৫২ পিএম (ভিজিট : ৪২)

X
চুক্তি লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ চলবে না: চসিক মেয়র শাহাদাত
চট্টগ্রাম নগরের চকবাজার-মুরাদপুর সড়কের কাতালগঞ্জে রাস্তার পাশে ইবনে সিনা হাসপাতালের সামনের ভূমিতে সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
এসময় ওই স্থানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি শিশু পার্ক গড়ে তোলার ঘোষণা দেন মেয়র।
চুক্তি লঙ্ঘন করে তৈরি করা স্থাপনা উচ্ছেদ করে রোগীর স্বজনদের জন্য এবং শিশুদের জন্য একটা গ্রীন পার্ক করা হবে জানিয়ে মেয়র বলেন, কাতালগঞ্জে এখানে এভাবে যারা স্থাপনা করছে- আমি স্পষ্ট বলে দিচ্ছি সব ভেঙ্গে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি।
এখানে বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে এবং এখানে বাচ্চারা এসে বসবে, বিশ্রাম নিবে এবং এই গাছপালা সব ঠিক থাকবে। কোনও ধরনের গাছ এখানে কেউ কাটতে পারবে না। এখানে একটা সুন্দর সবুজ মনোরম পার্ক স্থাপন করা হবে।
তিনি বলেন, এখানে হসপিটালের যেসব রোগী আসে অনেক সময় তারা একটু বসতে চায়, তারা একটু মনোরম পরিবেশে সময় কাটাতে চায়।
যারা দূর-দূরান্ত থেকে আসবে, তাদের বিশ্রামের জন্য এই পার্কটা কাজে আসবে। এখানে যারা স্থাপনা করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অনতিবিলম্বে এগুলো ভেঙ্গে দিয়ে এখানে একটা সুন্দর সবুজ গ্রিন পার্ক এবং বাচ্চাদের জন্য একটা পার্ক নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ